প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৪, ৮:১২ পূর্বাহ্ণ
সংসদ নির্বাচনে প্রকাশ্যে সিল, এমপি আয়েনের নামে মামলা

গত শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানায় এ মামলা করেছেন রফিকুল ইসলাম নামের এক বিএনপিকর্মী।
মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের মোট ৮৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নির্বাচনের নৌকার প্রার্থী আয়েন উদ্দিনের নেতৃত্বে আসামিরা বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন তারা কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ