
ব্যাংকে সুশাসন নিয়ে আলোচনা করা যত সহজ, বাস্তবে সুশাসন প্রতিষ্ঠা করা তার চেয়ে অনেক বেশি কঠিন।
বহুল আলোচিত এই সুশাসনের সংজ্ঞা নিয়ে আমাদের দেশের অনেক ব্যাংকারের মধ্যেও পরিষ্কার ধারণা নেই। আমি অনেক ব্যাংকারের কাছে সুস্পষ্টভাবে জানতে চেয়েছি যে সুনির্দিষ্টভাবে কী কী পদক্ষেপ নিলে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সন্তোষজনক উত্তর আমি কারো কাছ থেকেই সেভাবে পাইনি। আর এ কারণেই দেশের ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার কাজটি এমনিতেই জটিল হয়ে যাবে। এর বিকল্প হিসেবে আইএমএফ বা বিদেশি পরামর্শকদের কাছ থেকে সুশাসনের ব্যাপারে কিছু সুপারিশ এবং পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করলেই যে দেশের ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হবে, সেটিও নিশ্চিত করে বলা যাবে না। তা ছাড়া এভাবে সুশাসন নিশ্চিত করলে কাগজে-কলমে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হলেও বাস্তবে সুশাসন ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। কেননা আমাদের দেশের ব্যাংকে সুশাসন নিশ্চিত করতে হবে আমাদের সমাজের ব্যাংকিং চাহিদার কথা মাথায় রেখে।
আমাদের দেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সুনির্দিষ্টভাবে যে পদক্ষেপগুলো নেওয়া অপরিহার্য, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—১. পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট টিমের মধ্যকার সুনির্দিষ্ট সীমারেখা; ২. পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট টিমের কার্যক্রম পৃথকভাবে চিহ্নিত করা; ৩. ব্যাংকিং সংক্রান্ত আইনের সংশোধন; ৪. প্রযুক্তির মাধ্যমে সুশাসনের প্যারামিটার বা শর্তগুলো প্রতিপালন করা এবং ৫. নিয়ন্ত্রক সংস্থার এনফোর্সমেন্ট ক্ষমতা বৃদ্ধি করা।
আমাদের দেশের ব্যাংক ব্যবস্থাপনায় পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট টিমের মধ্যে সুস্পষ্ট কোনো সীমারেখা নেই। এখানে পরিচালনা পর্ষদ, বিশেষ করে ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালকরা এমডি বা প্রধান নির্বাহীকে যা নির্দেশ দেন, তাঁরা সেগুলোই বাস্তবায়ন করে থাকেন, সেগুলো নিয়মের মধ্যে থাকুক বা নিয়মবহির্ভূত হোক। এমনকি অনেক ক্ষেত্রে অবস্থা এমন দাঁড়ায়, যেখানে ব্যাংকের ম্যানেজমেন্ট টিম বা এমডি নির্দেশের জন্য ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালকদের দিকে তাকিয়ে থাকেন। এই ব্যবস্থা ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার পথে বড় ধরনের অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টের মধ্যে সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করে দিতে হবে। যেমন—ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও বদলি
সম্পূর্ণরূপে ম্যানেজমেন্ট টিমের দায়িত্ব এবং তারাই এই দায়িত্ব পালন করবে। এখানে পরিচালনা পর্ষদ বা চেয়ারম্যান-পরিচালকদের সিদ্ধান্ত দেওয়া তো দূরের কথা, কোনো রকম মতামত দেওয়ারও সুযোগ থাকবে না। এভাবেই ব্যাংক পরিচালনার সব কার্যক্রমে পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট টিমের মধ্যে সীমারেখা নিশ্চিত করে ফেলতে হবে।
সুশাসন নিশ্চিত করার স্বার্থে ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব-কর্তব্য এবং ম্যানেজমেন্ট টিমের কার্যক্রমকে সুনির্দিষ্টভাবে পৃথক করে দিতে হবে। আমাদের দেশে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট টিমের কাজের মধ্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। ফলে পরিচালনা পর্ষদের যা করার কথা না, তারা তা-ও করে। পক্ষান্তরে ম্যানেজমেন্ট টিমের যা করার কথা, তারা সেটি করে না। যেমন আমাদের দেশের ব্যাংকের পরিচালনা পর্ষদ ঋণ আবেদন মঞ্জুর করে, যা কোনো অবস্থায়ই পরিচালনা পর্ষদের কাজ নয়। পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট টিমের এ রকম এলোপাতাড়ি দায়িত্ব পালন
কখনোই সুশাসনের পর্যায় পড়ে না। পরিচালনা পর্ষদ ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় গাইডলাইন এবং নির্দেশনা প্রদান করবে। যেমন ব্যাংকের ঋণদানের সর্বোচ্চ সীমা, ঝুঁকি নেওয়ার সক্ষমতা, কোন ধরনের গ্রাহকদের কী পরিমাণ ঋণ দেওয়া হবে, কোন কোন খাতে কী পরিমাণ ঋণ দেওয়া হবে প্রভৃতি উল্লেখ করে একটি ঋণ ঝুঁকি গাইডলাইন প্রদান করবে। আর ব্যাংকের ম্যানেজমেন্ট টিম এই গাইডলাইন এবং শর্ত মেনে ঋণ প্রদান করবে। এর কোনো রকম ব্যত্যয় ঘটলে ব্যাংকের ম্যানেজমেন্ট টিম একক বা সমষ্টিগতভাবে দায়ী থাকবে। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে কাগজে-কলমে সুশাসনের বিষয়গুলো লিখে
রাখলে যে এর প্রয়োগ হবে, তেমনটি ভাবার কোনো কারণ নেই। সুশাসনের শর্তগুলো প্রযুক্তির মাধ্যমে প্রয়োগ করার উদ্যোগ নিতে হবে। ব্যবহৃত প্রযুক্তিতে সুশাসনের শর্তগুলো আগে থেকেই অন্তর্ভুক্ত থাকলে সেসব শর্ত মেনেই ব্যাংকের কাজ পরিচালনা করতে হবে। তখন চাইলেও এসব শর্তের ব্যত্যয় ঘটাতে পারবে না। এর পাশাপাশি সুশাসনের অনেক বিষয় ব্যাংকসংক্রান্ত অনেক আইনের অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দেবে। অর্থাৎ সুশাসন নিশ্চিত করতে প্রচলিত আইনের সংশোধন করার প্রয়োজন হবে। সবচেয়ে বড় কথা, সুশাসনের বিষয়গুলো যাতে সঠিকভাবে প্রয়োগ করা হয়, তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বা বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়াতে হবে।
এ কথা অনস্বীকার্য যে দেশের ব্যাংকিং খাতে সংস্কার করতে হলে ব্যাংকে সুশাসন নিশ্চিত করতে হবে। আবার এই সুশাসন নিশ্চিত করার কাজটি যে মোটেও সহজ নয়, সেটিও সবাইকে বিবেচনার মধ্যে রাখতে হবে। তবে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারলে কাজটি যে অসম্ভব, তেমনও নয়। তাই ব্যাংকিং খাতে সংস্কারের প্রথম পদক্ষেপ হওয়া প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা করা। কাজটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু অসম্ভব নয়।