দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।শুক্রবার (২৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক টঙ্গী পূর্ব থানার আওতাধীন ব্যাংকের মাঠ সংলগ্ন মাদকের স্পটে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মাদক ব্যবসায়ী প্রদীপ চন্দ্র বর্মনসহ ৩ সহযোগী মো. মিরাজ, মো. কিফায়াত উল্লাহ ও মো. শামীমকে আটক করা হয়। এসময় ১৮৬ পিস ইয়াবা, ১৮ বোতল ফেনসিডিল, ৮.৯ গ্রাম গাঁজা, ৮৭ গ্রাম নেশাজাতীয় পাউডার, ৫০০ গ্রাম দেশীয় মদ, ১০ পিস মরিয়ম ফুল, ২টি ফয়েল রোল, ১৭টি মোবাইল, ৫টি মোবাইল সিম, ১টি ল্যাপটপ, ১টি হার্ডডিস্ক, ৩টি পাওয়ার ব্যাংক, ২টি মিনি ওয়েট মেশিন, ১টি ছোট ক্যামেরা ও ১টি দেশীয় অস্ত্র এবং নগদ ৪১,৫৬১.০০ টাকা উদ্ধার করা হয়। আটকৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।