মো. মুজিবুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ : দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে ঘণ্টাব্যাপী এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ হাসানসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের মদদপুষ্ট একটি গুপ্ত সংগঠন গোপনে তৎপর থেকে দেশে ধারাবাহিকভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, সাধারণ মানুষকে হত্যা করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে। অথচ সরকার নির্বিকার দর্শকের ভূমিকায় রয়েছে। এর ফলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে।
নেতারা আরও বলেন, "গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যুবদল রাজপথে আছে এবং থাকবে। কোনো নিপীড়ন ও ষড়যন্ত্রের কাছে যুবদল মাথানত করবে না।"