জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এনসিপির সমাবেশে স্থানীয়দের হামলা কে কেন্দ্র করে সেনা-পুলিশের সাথে স্থানীয় মানুষের দফায় দফায় সংঘর্ষ-হামলা ও ভাংচুরের ঘটনায় সদর ও টুঙ্গিপাড়া থানায় নতুন করে আরো ২টি মামলা হয়েছে। এ নিয়ে চারটি হত্যা মামলাসহ মোট দশটি মামলায় মোট ৯,৮৪৬ জনের বেশি আসামী রয়েছে। কমপক্ষে ৫ শতাধিক মানুষকে আটক করা হয়েছে।
তবে পুলিশ বলছে, গোপালগঞ্জ পৌর পার্ক আয়োজিত এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ-হামলা ও ভাংচুরের ঘটনায় নতুন দুটি মামলাসহ মোট ১০টি মামলায় ৯ হাজার ৮৪৬ জনকে আসামি করা হয়েছে এবং চার শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, এ সংঘর্ষে গোপালগঞ্জ সদর হাসপাতালের তথ্য অনুযায়ী হামলাকারীদের মাঝে গুলিবিদ্ধ হয় ২০ জন ও নিহত হয় ৫ জন।
বুধবার ২৩ জুলাই জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদি হয়ে কারাগার ভাংচুরের মামলায় ১৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো এক হাজার মানুষকে আসামী করে থানায় এ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের অধিকাংশ মানুষই হচ্ছেন দিনমজুর - রিকশা চালক-ভ্যান চালক। এছাড়াও কারাগার ভাঙচুর মামলায় আসামিদের তালিকায় কিছু আসামিদের নাম পাওয়া যায় যাদের দীর্ঘ দিন যাবৎ এলাকাতে দেখা যায়নি। আওয়ামী সরকারের পতনের পর বিগত দিনে গোপালগঞ্জে হত্যা মামলা ও বিভিন্ন মামলা হয়, সে সকল মামলায় সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হয়রানির শিকার হয়। ঐ সকল মামলাকে অবলম্বন করে বর্তমান প্রেক্ষাপটের মাঠ দাপানো কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তিবর্গ মামলা বাণিজ্য করে আরো আতঙ্কিত করেছে সমাজের এক শ্রেণির পেশাজীবী মানুষকে। ফলে সাধারণ মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এদিকে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার হওয়ার পর শহরে দোকানপাট খুললেও মানুষের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদি হয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো এক হাজার মানুষকে আসামী করে এ মামলা দায়ের করেছেন। মামলা নং ২১-তারিখ ২৩-০৭-২৫। এ নিয়ে চার থানায় দায়েরকৃত দশ মামলায় পনেরো হাজারেরও বেশি আসামী রয়েছে। এরমধ্যে সেনা ও পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পক্ষে পুলিশ বাদি হয়ে যে চারটি হত্যা মামলা দায়ের করেছে সে মামলাও রয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৫ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছেন দিনমজুর -রিকশা চালক-ভ্যান চালক। প্রকৃত পক্ষে ঘটনার সাথে জড়িত এমন কাউকেই এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ রাতের বেলা ডিউটিতে বেরিয়ে যাকে পায় তাকে ধরে নিয়ে এসব মামলায় চালান করে বলে জনশ্রুতি রয়েছে। সে কারণে সাধারন মানুষের মধ্যে রাতের বেলা গ্রেফতার আতঙ্ক বিরাজ করে বলেও দাবী করেছে ওই সূত্রটি।
গোপালগঞ্জ জেলা কারাগার ভাঙচুর মামলায় জেলা সদরের বেশ কিছু ব্যক্তিদের আসামির তালিকায় দেখা গেছে যা নিয়ে এলাকাতে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে, ঘটনায় গোপালগঞ্জ জেলা আইন জীবী সমিতির সভাপতি এ্যাড. এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক জুল কদর রহমান , জয়ন্ত কুমার চন্দ্রবর্তী, এম, এম আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আশিক জামান উপল, মোহাম্মদ ইনামুল হক ডাবলু, এস এ মনির হিটলার, মুন্সি মো. আতিয়ার রহমান সহ আরো কয়েক জন আইন জীবীদের এ মামলা আসামী করা হয়। এছাড়াও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উজ্জল মাহমুদুর রহমান চৌধুরী সহকারী রেজিস্টার তাঁকে মামলার ক্রমিক নং ৩১, রহমাতুল্লাহ (রেজা)(এইচ,এম,রহমাতুল্লাহ) সেকশন অফিসারকে মামলার ক্রমিক নং ৩২, মোঃ রবিউল ইসলাম সেকশন অফিসার মামলা ক্রমিক নং ৯১, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব টেকনিশিয়ান মোঃ তরিকুল ইসলামকে মামলা ক্রমিক নং ১০৪, দেখিয়ে মামলায় দেখানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রেজিস্টার মোঃ এনামউজ্জামান দেওয়া জেলা প্রশাসক বরাবরে একটি প্রত্যয়নপত্র সূত্রে জানা যায়, উল্লেখ্য ৪ জন বিভাগে নিয়মিত কর্মরত রয়েছেন এবং ১৬ জুলাই ২০২৫ বুধবার তারিখে বিকাল ৫টা পর্যন্ত বিভাগে উপস্থিত ও কর্মরত ছিলেন এবং হাজিরা খাতায় তাদের স্বাক্ষর রয়েছে। এদিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সেলিম সিকদার, তিনি জুনিয়র ম্যাকানিক পদে কর্মরত আছেন তাকেও এই মামলার ৩৩ নং আসামি করা হয়েছে। অপর দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ-এ ২৪.০৫.২০১২ ইং তারিখ হতে কর্মরত আছেন এবং তাহার দায়িত্ব সঠিকভাবে পালন করিয়া আসিতেছেন। তিনি ১৬.০৭.২০২৫ ইং তারিখ অত্র হাসপাতালে উপস্থিত থাকিয়া তাহার নিজ দায়িত্ব পালন করিয়াছেন মর্মে একটি প্রত্যয়ন প্রদান করেন। এই মামলায় ১১৪ নং আসামি রহমান শিকদার, পিতা রেজাউল শিকদার, আমাদেরকে মুঠোফোনে জানান, আমি দীর্ঘ ১০ বছর যাবৎ আমি আমার পরিবারসহ গোপালগঞ্জ ছেড়ে ঢাকাতে বসবাস করি । আমি ও আমার পরিবার ঢাকা বসে টেলিভিশনে গোপালগঞ্জের সংঘর্ষের ব্যাপার জানতে পারি। আমাকে কেন মামলার আসামি করা হয়েছে ? এ ব্যাপারে গোপালগঞ্জ প্রশাসনের নিকট আবেদন করছি তদন্ত সাপেক্ষে আমার বিষয়টি নজরে এনে ব্যবস্থা গ্রহণ করা হোক।
বুধবার ২৩ জুলাই রাতে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম মামলা দায়েরের কথা স্বীকার করে আমাদের এ প্রতিনিধিকে জানান, ১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্ক এ আয়োজিত এনসিপির সমাবেশে বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ মহাসড়কের নানা স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল ছাড়াও মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত নেতাকর্মীরা। গত এক সপ্তাহ ধরে ব্যপক অনুসন্ধান চালিয়ে জড়িতদের নাম ঠিকানা শনাক্ত ও যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে মঙ্গলবার ২২ জুলাই রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এসআই মনির হাসান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২ শতাধিক জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলো, টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইফতি জামান পল্লব, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপনসহ আরো অনেকে। এ মামলার এজাহার নামীয় প্রায় ৩০ জন আসামিকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এদিকে গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিবারের লোকজন অভিযোগ করে বলেছেন, পুলিশের কাছে আটক ব্যক্তিরা কেউ-ই রাজনীতির সাথে জড়িত না,এরা সবাই দিনমজুর। যৌথবাহিনীর লোকজন রাতের বেলা বাড়ি বাড়ি ঢুকে এদেরকে ধরে নিয়ে এ মামলায় হাজতে ভরেছে।
অন্যদিকে, সদর থানার ওসি মো, সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই দুপুরের দিকে গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের সাথে সেনা-পুলিশের সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। শুধু তাই নয়, তারা জেলহাজতে আটক লীগের আসামীদের বের করে নিতে কারাগারের প্রধান গেট ভাঙার ব্যর্থ চেষ্টা চালায়। খবর পেয়ে সেনা ও পুলিশ যথাসময়ে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।