ফুটবলপ্রেমী হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীতে শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত "আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট–২০২৫"–এর মেগা ফাইনাল। আয়োজনটি হবিরবাড়ী স্পোর্টস একাডেমির ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
মাস্টারবাড়ী একাদশের ট্রাইবেকারে নাটকীয় জয়
ভালুকার সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মাস্টারবাড়ী একাদশ ট্রাইবেকারে ৪–৩ গোলে পরাজিত করে হবিরবাড়ী একাদশকে। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হলেও টাইব্রেকারে মাস্টারবাড়ী একাদশের খেলোয়াড়েরা দুর্দান্ত মানসিক দৃঢ়তা ও দক্ষতার পরিচয় দিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিক বার্তা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
তিনি বলেন,
"৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে এদেশের ''জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে"। সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে সকল জবাবদিহিতা থাকবে"
সাবেক ফুটবলার আমিনুল হক আরও বলেন,
"বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সাথে কথা হয়েছে "আগামীতে ক্রীড়াঙ্গনকে দলীয় করণ বা রাজনৈতিক করণ করা হবে না"। দেশের জনগণ ও ক্রীড়া সংগঠক যারা রয়েছেন, তাঁদেরকে সাথে নিয়ে নিয়ে ক্রীড়াঙ্গনকে সুন্দর করে করে সাজনো হবে।"