শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু)-কে জড়িয়ে ATN News ও দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে মুকসুদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু) স্বাক্ষরিত প্রেস নোট পাঠ করেন সভাপতি মোঃ আব্দুস সালাম খান। তিন নেতা এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, গত ২৬ সেপ্টেম্বর 'ATN News' এবং ২৮ সেপ্টেম্বর 'দৈনিক আমার দেশ' পত্রিকায় তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তারা এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দরা বলেন,“আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেছি, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছি—তবুও দলের আদর্শ ও গণতন্ত্র রক্ষার লড়াই থেকে সরে আসিনি।”
তারা জানান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুরে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে তারা নিরলসভাবে কাজ করছেন। নিয়মিত সভা-সমাবেশ, মিছিল ও জনসভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিএনপির প্রতি আস্থা ও আগ্রহ বেড়েছে।
তাদের অভিযোগ, দলের এই ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এবং মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ তাহসিন খেপু মিয়া বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছেন। নেতৃবৃন্দরা জোর দাবি করে বলেন, “আমাদের বিরুদ্ধে কোনো আর্থিক লেনদেন, ভাঙচুর বা অন্য কোনো অভিযোগের সত্যতা নেই। আমরা প্রমাণের জন্য উন্মুক্ত চ্যালেঞ্জ জানাচ্ছি।” তারা সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকে আহ্বান জানান—“মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করুন। যাদের ঘরবাড়ি ভাঙচুর বা আর্থিক ক্ষতির অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে কথা বললেই প্রকৃত সত্য প্রকাশ পাবে।” গনমাধ্যম কর্মিরা সরেজমিনে প্রভাকরদিতে ঘটনা স্থল পরিদর্শন করে স্থানীয়দের সাক্ষাৎকারে জানতে পারেন নির্মাধীন রাস্তার জমি প্রদান ক্ষেত্রে মোনায়েম খান বনাম মোশারফ হোসেন মুসা বিরোধ কেন্দ্রিক জটিলতাকে রাজনৈতিক তকমা দিয়ে হেয় প্রতিপন্ন করাই উদ্দেশ্য প্রণোদিত বলে সামাজিক বিশ্লেষকরা মনে করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম,এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান সারমাত,প্রথম আলো প্রতিনিধি নুতন শেখ,দৈনিক সমকাল ও বাংলা ভিশন টিভি প্রতিনিধি মনোজ সাহা,বৈশাখী টিভি প্রতিনিধি এস এম মোস্তফা জামান,এশিয়ান টিভি প্রতিনিধি তানভীর হাসান সৈকত,দৈনিক বাঙলার জাগরণ পত্রিকার শেখ ফরিদ আহমেদ,দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার প্রতিনিধি কে এম সাইফুর রহমানসহ গোপালগঞ্জ জেলা ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।