শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ থেকে:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর শনিবার রামদিয়া হাই স্কুল মাঠে এক বিশাল জনসভা করেন। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল, শ্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে হাজারো নেতা-কর্মী ও সমর্থক সমবেত হলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান বক্তা ডাঃ কে এম বাবর বলেন,“গোপালগঞ্জ-২ আসনের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটাতে আমি অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন আমার প্রথম অগ্রাধিকার।” তিনি অভিযোগ করে বলেন, গোপালগঞ্জের স্বাস্থ্যসেবা দীর্ঘদিন ধরেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। একটি মেডিকেল কলেজ থাকলেও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া যায় না, রোগীদের সামান্য চিকিৎসার পরই ঢাকা বা খুলনায় রেফার করা হয়। ডাঃ বাবর প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের মানুষ ২৪ ঘণ্টা চিকিৎসা সুবিধা পাবে—ইনশাআল্লাহ।”
তিনি আরও দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ জনগণ পরিবর্তন ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের পক্ষে একজোট হচ্ছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম বলেন, “এলাকার অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। তাই বিএনপি প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতেই হবে।”
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—
গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপি সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম দ্বারা, লতীফপুর ইউপি চেয়ারম্যান জাফর হোসেন কালু, বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, অ্যাডভোকেট এমএ আলম (জিপি) প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, এলাকার উন্নয়নমূলক প্রকল্পগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। তারা বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা মাত্র পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত, অথচ রামদিয়াকে কেন্দ্র করে কাশিয়ানী থানার সাতটি ইউনিয়ন এবং গোপালগঞ্জ আসনের দুটি থানার দূরত্বের কারণে এই অঞ্চলের মানুষ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
তাদের দাবি, এলাকার নেতৃত্ব সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন একজন মানুষের হাতে তুলে দিতে জনগণ এখন আগ্রহী। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান চলাকালে শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যরা দায়িত্ব পালন করেন।
সভা শেষে স্থানীয়রা জানান, ডাঃ বাবরের বক্তব্য ও উন্নয়ন পরিকল্পনা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই বলেন,“পরিবর্তনের ডাক এবার সত্যিই জোরালো হচ্ছে।”
আসন্ন নির্বাচনের আগে এই বিশাল জনসমাবেশ গোপালগঞ্জ-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।