আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের কালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এনায়েত হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েত হোসেন ওই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই সাজ্জাদ হোসেন ভুট্টো।
নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৃদ্ধ এনায়েত হোসেন মাগরিবের নামাজ আদায় শেষে চা পান করার জন্য স্থানীয় রঘুনাথপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কবরস্থানের সামনের আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে যশোর হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।
কালিয়া থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।