প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউলের অন্যত্র বদলির খবরে মতলব উত্তর উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে ওসি রবিউল হকের নানা অপকর্মে মতলব উত্তরবাসী অতিষ্ঠ হয়ে ওঠেছিল। বিশেষ করে গ্রেফতার বাণিজ্য থেকে শুরু করে গ্রেফতারকৃতদের রিমান্ডের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায়, এলাকার ধনাঢ্য ও নিরীহ লোকজনকে থানায় ডেকে নিয়ে আওয়ামী লীগ তকমা লাগিয়ে জেলে ঢুকানোর হুমকি দিয়ে টাকা আদায়, মামলার ধারা বাড়িয়ে-কমিয়ে দেয়ার কথা বলে এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ওসি রবিউল হক বিভিন্নভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
সাধারণ ডায়েরি গ্রহণ ও তদন্ত কার্যক্রমে বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করে লোকজনকে নির্যাতন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল।
ওসি রবিউল হকের বদলির খবরে শত শত লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বস্তির বাণী লিখেছেন। মো. কামাল বেপারী লিখেছেন, “মতলব উত্তর থানায় এ পর্যন্ত যত ওসি এসেছিল, তাদের মধ্যে সবচেয়ে খারাপ ওসি রবিউল হক।”
আদুরভিটি গ্রামের মো. নিজুম লিখেছেন, “এই রবিউলের উপর আল্লাহর গজব পরুক, এই ওসি মতলব উত্তরের মানুষকে খুব জালাইছে, যাওয়ার আগেও ছেংগারচর বাজারের মাছ ব্যবসায়ী আল আমিনকে বিনা অপরাধে গ্রেফতার করেছে।” হাবিবুর রহমান লিখেছেন, “দুদককে অনুরোধ করছি, তার আর্থিক বিষয় তদন্ত করা হোক,
১৮ মাসে ভালো কিছু টাকা অসৎ উপায়ে কামিয়েছে।” অপর একজন লিখেছেন, “কোটি কোটি টাকা নিয়ে গেছে মতলব উত্তর থেকে।” দুর্গাপুর ইউনিয়নের মো. মানিক লিখেছেন, “আলহামদুলিল্লাহ, এবার মতলব উত্তরের মানুষ শান্তিতে থাকতে পারবে।” পৌরসভার তানভীর লিখেছেন, “মতলব উত্তরের মানুষ বেঁচে গেছে।
শত শত লোক আলহামদুলিল্লাহ লিখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা রবিউল হকের অবৈধভাবে অর্জিত সম্পদের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগীরা জানিয়েছেন, ওসি রবিউল হকের রোষানলে পড়ার ভয়ে সাধারণ লোকজন, ব্যবসায়ী এমনকি বিভিন্ন রাজনৈতিক লোকেরাও তার নানা অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক
চাঁদপুর জেলা জজ কোর্টের একজন আইনজীবী বলেন, “ওসি রবিউল হককে চাহিদা মোতাবেক টাকা না দেয়ায় স্থানীয় এক বিএনপি নেতাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাজিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছিল।” এছাড়া অর্থের বিনিময়ে মামলার আসামীদের গোপনে ছেড়ে দিয়েছেন। বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগ সাজিয়ে গ্রেফতার করে অর্থ হাতিয়ে নিয়ে রাতে বৈঠক করে ছেড়ে দিয়েছেন।
ওসি রবিউলের মাসিক মাসোহারা দিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দাগী নেতাকর্মীরা উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। ওসি রবিউল হকের বদলির খবর প্রকাশের পর অনেকেই জানিয়েছেন, মতলব উত্তরে ন্যায়বিচার পাওয়ার পথ কিছুটা হলেও সহজ হবে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার পুলিশ সুপারের পর ৫২৭টি থানার ওসিও লটারির মাধ্যমে বদলি করেছে সরকার। মতলব উত্তর থানায় নতুন ওসি আসার খবরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেবার মান বৃদ্ধি এবং থানায় জনগণের প্রতি আরও সহনশীল ও জবাবদিহি মূলক আচরণ প্রতিষ্ঠিত হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করছেন।
এসব বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, যারা লিখেছে তাদের কাছে জিজ্ঞাসা করুন, আমি কোন অন্যায়ের সাথে কখনও আপোষ করি নাই। এ কথা বলে সংযোগ কেটে দেন।