রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী, আলকরা ও জগন্নাথদিঘী ইউনিয়নে এ টহল পরিচালনা করা হয়।
টহল চলাকালে পদুয়ার বাজার, কালিয়াতল বাজার ও চৌধুরী বাজার এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা হয়। এ সময় সাধারণ জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, গুজবে কান না দেওয়া এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে এ যৌথ টহল ও অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের টহল কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।