রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি পার্বত্য আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রত্যাহারপত্র জমা দেন।
জানা গেছে, ১০ দলীয় জোটের সমঝোতার অংশ হিসেবে উক্ত আসনটি আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু বক্কর মোল্লা, যার নির্বাচনী প্রতীক রিকশা।
প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে এডভোকেট মোখতার হোসেন বলেন, “রাঙ্গামাটির সাধারণ ভোটাররা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আগ্রহী। দীর্ঘদিন ধরে আমি রাঙ্গামাটির মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। তবে জোটের সিদ্ধান্ত আমাদের জন্য চূড়ান্ত। ইনশাল্লাহ, সবাই মিলে জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবো।”