সিলেট প্রতিনিধি :
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ হাসপাতালের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে নিরাপদ স্থানে সরে যেতে ছুটাছুটি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।