নোয়াখালী প্রতিনিধি:
মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে সোনাইমুড়িতে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার জয়াগের গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটে আয়োজিত এ ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) ট্রাস্টের সচিব রাহা নব কুমারের নেতৃত্বে সোনাইমুড়ি উপজেলার জয়াগে অবস্থিত প্রধান কার্যালয়ে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালনসহ যথাযোগ্য মর্যাদায় তাঁকে স্মরণ করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে বৃহত্তর নোয়াখালীর খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। ক্যাম্পের উদ্বোধন করেন গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব রাহা নব কুমার। সভাপতিত্ব করেন তিনি নিজেই। অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পাল, সহকারী পরিচালক অসীম কুমার বকসী, সহকারী পরিচালক মো. হাবিবুর রহমানসহ অন্যান্যরা।
সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ মোট ৮০৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়।