আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (নড়াইল) :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ইছুব মোল্যা। তিনি বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইছুব মোল্যা গুরুতর আহত হন। পরে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।