শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র’ সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামানের বরাতে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই বলে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালে দাবি করা হয়, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে জেলার ৩৮৫টি ভোটকেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
“গোপালগঞ্জে ৩৯৭ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৮৫” শিরোনামে প্রকাশিত এসব সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, জেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসকের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য কোথাও প্রদান করা হয়নি। প্রচারিত সংবাদগুলো বস্তুনিষ্ঠ নয় এবং জেলা প্রশাসনের দাপ্তরিক তথ্যের সঙ্গে এর কোনো মিল নেই।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জেলায় শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমানে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটারদের মধ্যে কোনো ধরনের শঙ্কা নেই। তারা সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ভিত্তিহীন ও বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য গোপালগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। তবে ঢালাওভাবে প্রায় সব ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে প্রচার করা জনমনে আতঙ্ক সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র। এ ধরনের গুজব প্রচারকারীদের বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।