আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবারের নির্বাচনে একটি সুযোগ আসছে। গত ৫৬ বছরে অত্যাচার, দখলবাজি, লুটতরাজ, চরিত্রহীন কাজ, বাজে সংস্কৃতি এবং বাজে রাজনীতি ছিল। সেগুলোর কবর রচনা করে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব, ইনশাআল্লাহ।
এই নতুন বাংলাদেশে কী হবে? ৫৬ বছরে যে দুর্নীতি ছিল, তা থাকবে না। দুর্নীতির বিরুদ্ধেই মূলত আমাদের জিহাদ।
তিনি আরও বলেন, বাংলাদেশ দুর্নীতিতে পরপর তিনবার এক নম্বর হয়েছিল। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি যদি চলে যায়, তাহলে বাংলাদেশের উন্নয়ন অটোমেটিকভাবে ডাবল হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের মূল টার্গেটই হবে দুর্নীতি বন্ধ করা। সেটা আমরা অতীতেও প্রমাণ করেছি। ২০০১-০৬ সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারে জামায়াতের দুইজন মন্ত্রী ছিলেন। সে সময়ে জামায়াতের মন্ত্রীদের কোনো দুর্নীতি পাওয়া যায়নি।
ডা. তাহের বলেন, নির্বাচনের দিন দুটি ভোট দিতে হবে। একটি দাঁড়িপাল্লায় দেবেন, অপরটি সংস্কারের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’ বা ‘না’। আমরা সবাই ‘হ্যাঁ’-তে ভোট দেব। কারণ, হ্যাঁ মানে বাংলাদেশের স্বাধীনতা, আর না মানে দিল্লির বশ্যতা।
ডা. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগণ্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।