মো. আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার
সুবর্ণচর উপজেলার কয়েকটি বাজারে তদারকিতে বের হন উপজেলা নির্বাহী অফিসার।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে সুবর্ণচর উপজেলা প্রশাসনের টিম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরবাটা খাসেরহাট বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন ইউএনও আকিব ওসমান।
পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ইউএনও।
এ সময় খেজুর, ছোলা ও সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি করতে নির্দেশনা দেন। নিত্যপণ্যের দাম প্রতিদিন হালনাগাদ না করা, মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও বেকিং সোডাসহ কিছু পণ্য দুই প্রতিষ্ঠান থেকে জব্দ করা হয়। পরে জনসম্মুখে পণ্যগুলো বিনষ্ট করা হয়। প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তাঁদের মতে, নিয়মিত বাজার তদারকি হলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।
বাজার তদারকি শেষে ইউএনও সাংবাদিকদের বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা নেওয়া বরদাশত করা হবে না। ভোক্তাদের স্বার্থে পুরো রমজান মাসজুড়ে প্রশাসন প্রতিটি বাজারে পর্যায়ক্রমে মনিটরিং করবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাজারগুলোতে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জন্মনিবন্ধন কর্মকর্তা মো. রায়হান, সাংবাদিক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।