বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকালে নাটোরের বড়াইগ্রামে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদ সানাউল্লাহ নূর বাবুর মেজো মেয়ে সাদিয়া নূর পরমা। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় তার কণ্ঠে উঠে আসে বাবার হত্যার বিচারের দাবি এবং রাজনৈতিক শূন্যতা পূরণের দীর্ঘশ্বাস।
শ্রদ্ধা নিবেদন শেষে আবেগাপ্লুত কণ্ঠে সাদিয়া নূর পরমা বলেন, বাবার আদর্শকে বুকে নিয়ে আমি আজ এখানে দাঁড়িয়েছি। যে রাজপথে আমার বাবার রক্ত ঝরেছে, সেখানে দাঁড়িয়ে আজও আমাদের বিচারের জন্য লড়তে হচ্ছে। আমরা শুধু বাবার হত্যার বিচারই চাই না, আমরা চাই তার অসমাপ্ত জনকল্যাণমূলক কাজগুলো এগিয়ে যাক।
এই সময় উপস্থিত সাধারণ জনগণ ও নেতাকর্মীরা শহীদ সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী এবং বর্তমান বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহুয়া নূর কচিকে নিয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। এলাকাবাসীর দাবি, শহীদ বাবুর ত্যাগ ও রাজপথে মহুয়া নূর কচির সাহসী ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চান তারা। স্থানীয়রা মনে করেন, শহীদ বাবুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও বড়াইগ্রাম-গুরুদাসপুর এলাকার উন্নয়নে মহুয়া নূর কচির কোনো বিকল্প নেই।
বক্তব্যের শেষে পরমা বলেন, “আমার মা মহুয়া নূর কচি জেল-জুলুম উপেক্ষা করে বাবার আদর্শের পতাকা ধরে রেখেছেন। তাকে সংসদ সদস্য হিসেবে পেলে এই অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে এবং বাবার হত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে।”
উল্লেখ্য, ২০১০ সালে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যার পর থেকে তার পরিবার ও তৃণমূলের নেতাকর্মীরা বিচারের দাবিতে ১৫ বছর পরও সোচ্চার রয়েছেন।