স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
পবিত্র রমজান মাস এলেই ফলের বাজারে বাড়ে চাহিদা। ইফতারের টেবিলে ঠান্ডা তরমুজ যেন এক অনিবার্য উপাদান। কিন্তু এবার রমজানকে কেন্দ্র করে তরমুজের বাজারে অস্বাভাবিক দামের উধর্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
অনেকের অভিযোগ, একটি অসাধু সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করছে। নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন হাট-বাজার যেমন- লোহাগড়া বাজার, লক্ষীপাশা, এডেন্দা, দিঘলিয়া, শিয়রবর, মানিকগঞ্জ, লাহুড়িয়া, নলদী, ইতনা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আবার কোথাও কোথাও দাম ১০০ টাকাও ছাড়িয়েছে।
ব্যবসায়ীরা দাবী করছেন, উৎপাদন এলাকায় খরচ বেড়েছে। পরিবহন ব্যয়, খাজনা ও বাজার ব্যবস্থাপনার অতিরিক্ত চাপের কারণেই দাম বেশি রাখতে হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে তুলনামূলক কম দামে তরমুজ মিললেও খুচরা পর্যায়ে তা কয়েক গুণ বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।
তরমুজ কিনতে আসা মরিচ পাশা গ্রামের বাসিন্দা সেকেন্দার মোল্যা বলেন, কেজি দরে তরমুজ বিক্রি করা হলেও এক কেজি পরিমাণ তরমুজ মিলছে না। ফলে বেশি দাম দিয়েও বেশি ওজনের তরমুজ কিনতে হচ্ছে।
তিনি আরও বলেন, বাজারে বর্তমানে যে তরমুজগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর সর্বনিম্ন ওজনই ৫ কেজির বেশি। এতে কেউ এক বা দেড় কেজি তরমুজ কিনতে চাইলে তা সম্ভব হচ্ছে না। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য তরমুজ কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আরেকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজানে পরিবারের জন্য ফল কিনতে গেলে এখন হিসাব করে কিনতে হচ্ছ। তরমুজ তো এখন বিলাসপণ্যে পরিণত হয়েছে।
রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে তরমুজ অনেকের কাছে প্রশান্তির প্রতীক। শরীরের পানিশুন্যতা দুর করতে এবং সতেজতা ফেরাতে তরমুজের জুড়ি নেই। কিন্তু দাম ও ওজনের কারণে অনেকে ইচ্ছা থাকলেও কিনতে পারছেন না।
তরমুজ কিনতে আসা স্কুল শিক্ষক বিপ্লব বলেন, বাজারে আমদানি করা বিদেশি ফল এমনিতেই নাগালের বাইরে চলে গেছে। এখন যেনো দেশি ফল তরমুজও সেই পথে হাটছে। তরমুজ ৮০ টাকা কেজি। এত দাম হবে ভাবতেও পারিনি। তারপরও ছেলে-মেয়েদের কথা চিন্তা করে ছোট দেখে একটা তরমুজ কিনলাম।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনুমুন সাহা বলেন, বর্তমানে বাজারে যে তরমুজ পাওয়া যাচ্ছে তা আগাম জাতের, তাই বাজারে দাম একটু বেশি। কিছুদিন পর এই মৌসুমের যে তরমুজ রয়েছে, তা বাজারে এলে দাম আশা করি কমে যাবে।