শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দিদারুল ইসলাম হাওলাদার বরিশাল বিভাগীয় কার্যালয়ে ‘নমুনা সংগ্রহকারী’ হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার সকালে কোটালীপাড়া উপজেলার চিতশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ পুলিশ জানায়, দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, পরোয়ানার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, দিদারুল ইসলাম ২০১১ সালে চাকরিতে যোগ দেন। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর এবং ২০২৩ সালের ১৮ জুন তিনি তার সম্পদের হিসাব দাখিল করেন, যেখানে ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার সম্পদের তথ্য উল্লেখ ছিল।
তবে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অনুসন্ধানে তার নামে ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। এতে প্রায় ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ গোপনের প্রমাণ মেলে।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন তিনি।