রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে স্থানীয় এক যুবক প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, ‘Wildlife Snake Rescue Team in Bangladesh’-এর সদস্য ও স্থানীয় যুবক ইমরান হোসেন ইমন বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় প্রাণীটিকে দেখতে পান। পরে তিনি দ্রুত সেটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে কাপ্তাই বন বিভাগের সদস্যরা রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করে নিশ্চিন্তাপুর ইকো পার্ক-এ নিয়ে যান এবং সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
উদ্ধারকারী ইমরান হোসেন ইমন বলেন, “রাত ৯টার দিকে বৈদ্যুতিক তারে ঝুলে থাকা অবস্থায় প্রাণীটিকে দেখতে পাই। পরে দ্রুত সেটিকে উদ্ধার করে বন বিভাগকে জানাই।”
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসের অফিস সহকারী ওসমান গনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন এবং একই রাতে ইকো পার্কে হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত প্রাণীটি Bengal Slow Loris, যা একটি বিরল ও বিপন্ন প্রজাতি। রাঙামাটি জেলায় এদের সংখ্যা খুবই সীমিত—প্রায় ৪ থেকে ৫টি। সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে এদের বসবাস।
বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণীটির প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।