রাঙামাটি প্রতিনিধি :
কাপ্তাই হ্রদ-এ মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ বৃদ্ধি এবং হ্রদের পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞা চলাকালীন হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কার্প জাতীয় মাছের প্রজনন নিশ্চিত করা, অবমুক্ত পোনা মাছের বৃদ্ধি এবং প্রাকৃতিকভাবে মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর সহায়তায় মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় ২৬,৮৪৫টি জেলে পরিবারকে প্রতি পরিবারে ২০ কেজি করে দুই মাসে মোট ৪০ কেজি চাল দেওয়া হবে। সব মিলিয়ে ১,০৭৩.৮০ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। আগামী ২ মে এই সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। একই দিনে হ্রদে কার্প জাতীয় মাছের পোনাও অবমুক্ত করা হবে।
হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌ-পুলিশ ও বিএফডিসি’র সমন্বয়ে নিয়মিত টহল জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।