স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়ে টুকুমিয়া মোল্যা (৫০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত টুকুমিয়া মোল্যা লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মৃত ছামাদ মোল্যার ছেলে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের বৃদ্ধ টুকুমিয়া মোল্যা ঘরের ভিতর আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেয়। এদিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে তার ভাই তারামিয়া ঘরে গিয়ে বৃদ্ধ টুকুমিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহ নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।