ঝিনাইদহ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২২ মে) বিকেলে এ কর্মসূচি পালন করে তারা। মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অনেকে।
দলটির অভিযোগ, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছেন।
এর আগে দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার একপর্যায়ে সাহেদ আহম্মেদের পেছন দিক থেকে কিছু যুবক পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। পরে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।