স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুর পরিচিত ডাগআউটে আবারও ফিরছেন হোসে মরিনহো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের নতুন প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছেন ৬৩ বছর বয়সী এই পর্তুগিজ কোচ।
তবে আগামী ৭ জুন ক্লাবের সভাপতি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে আনা হবে না।
রিয়াল মাদ্রিদের জন্য সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুম ছিল হতাশাজনক ও ট্রফিশূন্য। গত জানুয়ারিতে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া। তার অধীনে ছন্দ হারিয়ে ফেলে লস ব্লাঙ্কোসরা।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোয় ২-০ গোলে হেরে লা লিগার শিরোপা হাতছাড়া করে রিয়াল। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে হেরে বিদায় নেয় দলটি।
এই ব্যর্থতার পর ক্লাবের পুরোনো জয়ী মানসিকতা ফিরিয়ে আনতেই মরিনহোকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। গত সেপ্টেম্বরে পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্ব নেওয়া মরিনহো দলটিকে লিগে তৃতীয় স্থানে রেখে আবারও বার্নাব্যুতে ফিরছেন।
ফুটবল বিশ্বে হোসে মরিনহো ও রিয়াল মাদ্রিদের সম্পর্ক বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও রিয়ালের হয়ে ইউরোপের বড় বড় শিরোপা জেতা এই কোচের প্রত্যাবর্তনে স্প্যানিশ ফুটবলের উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।