আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার
চৌদ্দগ্রামে মাদক সংক্রান্ত বিরোধের জেরে নিহত রাজমিস্ত্রী বশির
উদ্দিন হত্যা মামলার আসামী আবু তাহেরকে (৪৫) আটক করেছে
চৌদ্দগ্রাম থানা পুলিশ। সোমবার (১জুন) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌর
সদরের রামরায়গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত
করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন।
আবু তাহের চৌদ্দগ্রাম পৌরসভার রামরায়গ্রামের মৃত বারাক
মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও মাদকসহ একাধিক
মামলা রয়েছে। নিহত বশির চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের
বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। জানা যায়, গত
২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত
বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই
এলাকার মানিক মিয়ার ছেলে নাদিরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় নাদিরের পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে
প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের
দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ
চিকিৎসা শেষে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বশির ঢাকার
একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বশিরের মৃত্যুর খবর
ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা
আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাদের
দুইটি বসতঘর পুড়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে
গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত
৬ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার নিহত বশিরের স্ত্রী বাদী হয়ে
আবু তাহেরসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে
চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ
হোছাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এস
আই আবুল কালাম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত
আসামীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের
মাধ্যমে প্রেরণ করা হবে।