স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে লিজা বেগম (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২ জুন) বিকাল ৪ টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত লিজা বেগম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের পাবেল শেখের স্ত্রী ও একই গ্রামের আজম সরদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে স্বামী পাবেল শেখের সাথে লিজার পারিবারিক কলহের বিরোধ চলে আসছিল। তার জেরে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে প্রতিবেশী জাকির শেখের ঘরের মধ্যে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্নহত্যা করে। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করার পর তাকে প্রতিবেশী জাকির শেখের ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।