আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার
চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে আবদুল আহাদ নামে সাত বছর
বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট
ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহম্মদের ছেলে। বুধবার (৩
জুন) সকালে ওই শিশুর নিজ গ্রাম ফেলনায় দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে শিশু
আহাদের বমি হয় এবং গায়ে হালকা জ্বর দেখা দেয়।
প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পর পরিস্থিতির
অবনতি হলে একই দিন সন্ধ্যায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক
তাকে হাসপাতালে ভর্তি করেন। তবে ভর্তি অবস্থায়ও শিশুটি
একাধিকবার বমি করায় এবং অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত
চিকিৎসার জন্য রাত আনুমানিক দুইটার দিকে তাকে
কুমিল্লায় পাঠানো হয়। পরবর্তীতে সেখানেও পরিস্থিতির
উন্নতি না হওয়ায় কুমিল্লা থেকে ঢাকা নেওয়ার পথে মঙ্গলবার রাত
আনুমানিক আটটার দিকে শিশু আহাদের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, হামের লক্ষণ নিয়ে গত
সোমবার সন্ধ্যায় শিশুটি চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি
হয়েছিল। রাতে একাধিকবার বমি হওয়ায় তাকে উন্নত
চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। বুধবার সকালে শিশুটির
মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।