লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কোন কারণ ছাড়াই আমির হোসেন খান নামে এক কৃষকদল নেতাকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় আমিরের ছেলে আজমিরকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ওহাব মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আমির।
সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর আলী হাসান গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমির চররমনী মোহন ইউনিয়ন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অভিযুক্ত ওহাব একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষকদল নেতা আমির বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথ গতিরোধ করে ওহাব মোল্লা এবং তার ছেলে আল-আমিন ও রুহুল আমিন সহ কয়েকজন মিলে আমিরকে মারধর করেন। এসময় আমিরের চিৎকার শুনে তার ছেলে আজমীর এগিয়ে আসলে থাকেও মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেন।
কৃষকদল নেতা আমির হোসেন খান বলেন, ওহাব মোল্লা লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার কাছে থাকা ২ লাখ টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। আমার ছেলে আজমিরকেও তারা মারধর করেছে। আমাদের দুইজনের হাতের হাড় ভেঙে গেছে।
বিএনপি নেতা ওহাব মোল্লার ছেলে আল-আমিন বলেন, একটি জমি নিয়ে আমির ও তার লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমার বাবাসহ কয়েকজন আহত হয়েছে। তবে আমিরদের কেউ আহত নেই। তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মারামারি ঘটনা কেউ আমাদেরকে জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।