শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় বিএনপির এক নেতার ওপর সশস্ত্র হামলা ও নগদ ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ (শুক্রবার) রাত আনুমানিক ১১:৩০টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকার পিয়ারের দোকানের মোড় থেকে প্রায় ৪০০ গজ দূরে ইউসুফের বাড়ির সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির স্ত্রী মোছাঃ শারমিন নাহার অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী মোঃ রইচ উদ্দিন রইচ শেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পূর্ব রাজনৈতিক বিরোধের জের ধরে অভিযুক্তরা তার স্বামীর প্রতি শত্রুতা পোষণ করে আসছিলেন।
ঘটনার দিন ঠিকাদারি কাজ শেষে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে রইচ উদ্দিন রইচকে পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র ব্যক্তি পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রামদা, ধারালো দা, লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তার বাম হাত, বৃদ্ধাঙ্গুলি ও ডান হাঁটুতে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
এছাড়া হামলার একপর্যায়ে তার প্যান্টের পকেটে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রইচ উদ্দিন রইচের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের আগে ভবিষ্যতে সুযোগ পেলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।