মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে অনুষ্ঠিত 'টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়' শীর্ষক এক কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার অঙ্গীকার করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জ-এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ আজ (১১ মে ২০২৬) মুন্সীগঞ্জের একটি রেস্তোরায় এই কর্মশালার আয়োজন করে। এতে মুন্সীগঞ্জের ২৫টি স্বেচ্ছাসেবী তরুণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকগণ টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন। সার্বিক পর্যালোচনা ও নির্দেশনামূলক বক্তব্য রাখেন সনাক, মুন্সীগঞ্জের ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক ইলিয়াস খান। দুর্নীতিবিরোধী শপথ পাঠ পরিচালনা করেন এবং সমাপনী বক্তব্য রাখেন সনাক, মুন্সীগঞ্জের সভাপতি মো: জাহাঙ্গীর হাসান।
কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। মূল আলোচনায় তিনি দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন ও এর উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, টেকসই উন্নয়ন, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান এবং তথ্য অধিকার আইন প্রয়োগ কৌশল ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সনাক, মুন্সীগঞ্জের সহ-সভাপতি অ্যাড. পাপিয়া আক্তার। কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা তুলে ধরেন ঢাকা ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো: মাহান-উল-হক।
কর্মশালায় বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম, রামপাল কলেজ রোভার, রামপাল কলেজ গার্ল ইন রোভার, সরকারি হরগঙ্গা কলেজ রোভার ইউনিট, সরকারি হরগঙ্গা কলেজ গার্ল ইন রোভার, রেড ক্রিসেন্ট (সরকারি হরগঙ্গা কলেজ ইউনিট), ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ), অপ্রতিরোধ্য ফাউন্ডেশন বাংলাদেশ, বন্ধুসভা (প্রথম আলো), বিডি ক্লিন মুন্সীগঞ্জ, আনন্দ পাঠশালা, মুন্সীগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপ, গার্লস ইন গাইড (মুন্সীগঞ্জ কলেজ ইউনিট), সোনালী প্রভাত কল্যাণ সংঘ, অর্থনীতি পরিবার মুন্সীগঞ্জ, যুব নারী কল্যাণ সমিতি, অপরাজিতা মহিলা উন্নয়ন সমিতি, সোনার বাংলা মহিলা উন্নয়ন সমিতি, উজ্জীবিত একুশ মুক্ত রোভার স্কাউট মুন্সীগঞ্জ, বিএনসিসি (সরকারি হরগঙ্গা কলেজ প্লাটুন), মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র, স্বপ্ন ছোঁয়া যুব সংগঠন, জেলা রোভার মুন্সীগঞ্জ, সুহৃদ সমাজ এবং শাপলা যুব ফাউন্ডেশনসহ মোট ৩৭জন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।