বিনোদন ডেস্ক : ফেনীর মাটি থেকে উঠে এসে বাংলাদেশের টেলিভিশন নাট্যাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন নাট্য নির্মাতা সঞ্জীব দাস। দীর্ঘদিন ধরে সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক, গ্রামীণ জীবন ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাটক নির্মাণের মাধ্যমে তিনি দর্শকমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
ফেনী জেলার সদর উপজেলার চেওরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব দাস। তিনি তুলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং তুলাবাড়ীয়া হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ফেনী সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে শ্রমিক রাজনীতি ও বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি উদীচী শিল্পী গোষ্ঠী, ফেনী জেলা সংসদের সভাপতির দায়িত্বও পালন করেন।
সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ঢাকায় এসে তিনি যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং একই সময়ে নাট্য নির্মাণে সম্পৃক্ত হন। ধীরে ধীরে নির্মাণ দক্ষতা, সৃজনশীলতা এবং বাস্তবধর্মী গল্প বলার মাধ্যমে তিনি নাট্যাঙ্গনে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর নির্মিত নাটক নিয়মিত প্রচারিত হয়েছে। একুশে টিভি, এসএ টিভি, এটিএন বাংলা, চ্যানেল নাইন, বাংলা টিভি ও বাংলাদেশ টেলিভিশনে তাঁর অসংখ্য নাটক সম্প্রচারিত হয়েছে। পাশাপাশি ইউটিউবভিত্তিক নাটক নির্মাণেও তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
সঞ্জীব দাসের নাটকের মূল উপজীব্য সাধারণ মানুষের জীবনসংগ্রাম, পারিবারিক টানাপোড়েন, সামাজিক সংকট ও মানবিক সম্পর্ক। সহজ-সরল অথচ বাস্তবধর্মী গল্প উপস্থাপনের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছেন।
তাঁর উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘সাতরংগা ভালোবাসা’, ‘আলো আঁধার’, ‘নিয়তি’, ‘অন্য রকম ভালোবাসা’, ‘গল্প নয়, সত্যি’, ‘জোনাকির আলো’, ‘বিধবা পরিবার’, ‘অতি চালাকের গলায় বউ’, ‘কাজি বাড়ীর স্বপ্ন’, ‘বিবাহ ক্যাচাল’ এবং ‘পাহাড়ি কন্যা’।
এছাড়া একক নাটকের মধ্যে ‘বাবার চোখে জল’, ‘বুকের ভিতর তুমি’, ‘ঘর জামাই থাকতে চাই’, ‘কিঞ্চিৎ সমস্যা’, ‘তালাকের আগে’, ‘বড় লোকের বিরাট কারবার’, ‘কিপ্টা জামাই’, ‘প্রবাসী বউয়ের ডিভোর্স’, ‘মহিলা মেম্বার’, ‘পিতৃ পরিচয়’, ‘সত্যবাদী জামাই’, ‘প্রবাসীর কষ্ট মা বুঝে না’, ‘মা যাবে বৃদ্ধাশ্রম’, ‘রূপ রস সুন্দর’ ও ‘উদয়ের পথে’ উল্লেখযোগ্য।
নাটকের পাশাপাশি তিনি টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি), মিউজিক ভিডিও ও তথ্যচিত্র নির্মাণেও কাজ করেছেন।

সঞ্জীব দাসের নির্মিত নাটকে দেশের জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান বাবু, আবুল হায়াৎ, মীর সাব্বির, আনিসুর রহমান মিলন, ফরহান আহমেদ জোভান, তানজিন তিশা, রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান ইমাম, লায়লা হাসান, দিলারা জামানসহ আরও অনেকে।
নির্মাণ দর্শনের বিষয়ে সংশ্লিষ্টরা মনে করেন, বাস্তব জীবনভিত্তিক গল্প, গ্রামীণ সমাজের চিত্র এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম উপস্থাপনই সঞ্জীব দাসের কাজের প্রধান শক্তি। অভিজ্ঞ ও নবীন শিল্পীদের সমন্বয়ে ধারাবাহিকভাবে কাজ করার মাধ্যমে তিনি বাংলাদেশের টেলিভিশন নাট্যাঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
সংস্কৃতি আন্দোলনের কর্মী থেকে সফল নাট্য নির্মাতা হয়ে ওঠার এই যাত্রা সঞ্জীব দাসকে সমসাময়িক নাট্য নির্মাতাদের মধ্যে একটি স্বতন্ত্র পরিচয়ে প্রতিষ্ঠিত করেছে।