মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার (২৯ জুন) ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং আধুনিক ও লাভজনক কৃষিকাজে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় মোট ৬০০ জন কৃষকের মাঝে উন্নতমানের উফশী রোপা আমন ধানের বীজ, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড শাক-সবজির বীজ, লেবুর চারা এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের সঠিকভাবে কৃষি উপকরণ ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান।