লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের মধ্যে গ্রাম আদালতের মামলা নিষ্পত্তিতে সর্বোচ্চ সফলতা অর্জন করায় প্রথম স্থান অর্জন করেছে চররমনী মোহন ইউনিয়ন পরিষদ। একই মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছে ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ।
গ্রাম আদালতের মাধ্যমে মামলা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি, প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা এবং জনসেবায় বিশেষ অবদান রাখায় এ দুই ইউনিয়ন পরিষদকে সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম অর্জনকারী চর রমনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম এবং দ্বিতীয় স্থান অর্জনকারী ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম এরহাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ পারভেজ ওয়াহিদ এবং চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম সহ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
প্রথম স্থান অর্জনকারী চররমনী মোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম বলেন, এ অর্জন আমাদের ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করেছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে জনগণের সেবায় নিয়োজিত থাকব।