স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি, জীবনদর্শন ও প্রেরণাকে গভীরভাবে তুলে ধরার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত "নজরুল বর্ষ” উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের আয়োজনে ০২-০৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ (১৮-২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ০২ জুলাই (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অমুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ - এর প্রতিনিধি জনাব বিল্লাল হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, মূল প্রবন্ধ উপস্থাপক, জনাব মুন্সী সিরাজুল হক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি, সরকারি হরগঙ্গা কলেজ, জেলা কালচারাল অফিসার, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজচিন্তায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নজরুল ছিলেন এক অসাধারণ প্রেরণার নাম, যিনি তাঁর লেখনী ও সৃষ্টিকর্মের মাধ্যমে অন্যায়, শোষণ, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের বাণী ছড়িয়ে দিয়ে তিনি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক চেতনায় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।