বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে আবারও আলোচনায় এসেছে বহু বছর আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। সেই ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন 'কালা হিরণ' সিনেমার প্রদর্শন ও নির্মাণে স্থগিতাদেশ চেয়ে আদালতের শরণাপন্ন হলেও কোনো স্বস্তি পাননি তিনি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় দুই দশক আগে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগকে ভিত্তি করে নির্মিত এই সিনেমা নিয়ে আপত্তি জানান সালমান খান। তার পক্ষ থেকে আদালতে আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি।
এদিকে আদালতের সিদ্ধান্তের পর সিনেমাটির প্রযোজক অমিত জানি সালমান খানকে উদ্দেশ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আদালত সবার জন্য সমান এবং প্রভাব খাটিয়ে কোনো প্রকল্প বন্ধ করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নিজেকে বলিউডের বাপ ভাবলেই সব জায়গায় প্রভাব খাটানো যায় না।
তবে প্রযোজকের এই মন্তব্যের বিষয়ে সালমান খান বা তার আইনজীবীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ, রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে ঘিরে সালমান খান দীর্ঘদিন ধরেই আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই 'কালা হিরণ' সিনেমা নির্মাণ করা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।