স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর সুইচ গেট (জামরুলতলা) এলাকায় এক হতদরিদ্র পঙ্গু ব্যক্তির জীবিকার একমাত্র অবলম্বন ছিল পাপড় বিক্রি। সম্প্রতি কিছু লোক তার পাপড় বিক্রির সরঞ্জাম সুইচ গেট এলাকা থেকে পানিতে ফেলে দেয়। এতে তিনি চরম বিপাকে পড়েন। জীবিকা হারিয়ে অসহায় ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় প্রতিকার চাইলেও কোনো সমাধান পাননি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে খবর পেয়ে লোহাগড়া পৌর বিএনপির পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মো. রহমতুল্লাহ শিশির দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তিনি লোহাগড়া পৌর প্রশাসক সুষ্মিতা সাহার সহযোগিতায় সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেন।
পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ওই অসহায় পরিবারের জন্য পুনরায় সুইচ গেট এলাকায় তার বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যাতে তিনি পাপড় বিক্রি করে সংসার চালাতে পারেন এবং পরিবার নিয়ে একটু ভালো থাকতে পারেন।
এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে। তারা বলেন, অসহায় মানুষের দুঃসময়ে দ্রুত এগিয়ে এসে রহমতুল্লাহ শিশির যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। একই সঙ্গে তারা লোহাগড়া পৌর প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আন্তরিক সহযোগিতারও প্রশংসা করেন।
ভুক্তভোগী বলেন, পুনরায় আমাকে একটুু বসার ব্যবস্থা করে দেওয়ায় আমি খুশি হয়েছি। এখন আমি আমার পরিবার নিয়ে দুমুঠো ভাত খেতে এবং সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবো। আমি একজন পঙ্গু মানুষ। আমি ঠিকমত চলতে পারি নাা। তাই আমি এখানে বসে পাপর ভেজে বিক্রি করে সংসার চালায়।