লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শুক্রবার (১০ জুলাই) কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এর আগে এ কে এম ফরিদ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার কার্যকর হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১১ আগস্ট অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় এ কে এম ফরিদ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। সে সময় দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ আগস্ট রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে ফরিদ উদ্দিনকে একটি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। সে সময় পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
তবে সর্বশেষ বহিষ্কারাদেশ প্রত্যাহারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সেখানে শুধু বলা হয়েছে, ফরিদ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।