লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার ১৫ জুলাই দক্ষিণ হামছাদী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিং এডুকেটেড’ (Being Educated)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন গোপীনাথপুর চম্পকা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চমৎকার এই সবুজ উদ্যোগে খুদে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে অংশ নেয়।
চারা বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের গাছের সঠিক পরিচর্যা করার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন গোপীনাথপুর চম্পকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছায়েদুর রহমান ছায়েদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, ইউনিয়ন পরিষদ সদস্য ইউছুফ হোসেন এবং বিশিষ্ট শিক্ষানুরাগী সুভাষ মাস্টার। এছাড়াও মহতী এই কর্মসূচীকে সফল করতে দিনভর নিরলস পরিশ্রম করেন সংগঠনের একঝাঁক তরুণ সদস্য। যাদের মধ্যে অন্যতম ছিলেন আমির হামজা ভুঁইয়া নাহিদ, আকরাম হোসেন বাবু, আশরাফুল আলম, ইমন, আবির, রিমন, শ্রাবন, মাহি এবং নিরবসহ আরও অনেকে। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে সবুজ বিপ্লব ঘটাতে হবে।