নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি বলেছেন, সরকার সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "হজ আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আত্মশুদ্ধির এক মহান যাত্রা। এই পবিত্র ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। অন্যায় করলে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে—এ বিষয়টি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।"
তিনি আরও বলেন, "হজ এজেন্সিগুলোর কমিশন বৃদ্ধির জন্য আমরা কাজ করব। অতীতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের মাধ্যমে সম্মানিত হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। আমরা দায়িত্ব গ্রহণের পর সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।" আফরোজা খানম বলেন, "ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যে আমরা হজযাত্রীদের বিমান টিকিটের খরচ ৩৬ হাজার ৮০০ টাকা কমাতে সক্ষম হয়েছি। পাশাপাশি সৌদি সরকারের আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি।"
বক্তব্যের শেষে মন্ত্রী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। এর আগে সমাপনী অনুষ্ঠানের শুরুতে সাবেক মন্ত্রী হারুণার রশিদ মুন্নুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতৃবৃন্দ, হজ ও ওমরাহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক হজপ্রত্যাশী ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।