স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল: খুলনার দিঘলিয়ায় ট্রাকের চাপায় নড়াইলের কালিয়া উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাতে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তিরা হলেন উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং ২২ মাস বয়সী কন্যাসন্তান মাইমুনা। তবে মোটরসাইকেল চালক শেখ শিহাব অক্ষত রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে পরিবার নিয়ে কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন শেখ শিহাব। পথে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারীর মৃত্যু হয়।
দিঘলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, মোটরসাইকেলে চালক ছাড়া দুজন নারী ও একটি শিশু ছিল।
আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।