লক্ষ্মীপুর প্রতিনিধ: সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সরকার উৎখাত করার চেষ্টা করা হলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন। ৫ আগস্ট (বুধবার) বিকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন লক্ষ্মীপুর-২ রায়পুর সদর আংশিক আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপি ।
এসময় সরকারের সমালোচনাকারীদের উদ্দেশ্য তিনি বলেন, তারেক রহমান এদেশের স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তারেক রহমান হচ্ছেন এদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তারেক রহমানের জন্ম ও ইতিহাস জানতে হবে। আমরা যদি অন্যায় অবিচার করে থাকি, লুট-তরাজ করে থাকি, দুর্নীতি করে থাকি জনগণ সিদ্ধান্ত নেবে। রাস্তায় আবোল-তাবোল কথা বলে কোন লাভ নেই।
এনসিপি নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, বিভিন্ন বক্তব্য দিয়ে যারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান এরা কারা? এরা কোথায় ছিল? দেড় মাসে এরা দেশ স্বাধীন করেছে? রাজনীতির একটা শিষ্টাচার আছে, শিষ্টাচার জানতে হবে। শিষ্টাচার মেনে চলুন তা না হলে সরকার যা যা করা দরকার তাই করবে।
এ সময় বিরোধিদলকে লক্ষ্য করে তিনি বলেন, সংসদ আছে, বিরোধীদলের এমপিরা সংসদে তাদের কথা বলছেন, এখান থেকে বেরিয়ে গিয়ে বলেন সরকারকে বেশিদিন থাকতে দেওয়া যাবে না। আরে কে থাকতে দেয় কাকে? এখানে জনগণ সরকারকে মেন্ডেট দিয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে। সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন সরকার উৎখাত করার চেষ্টা করলে জনগণের রোষানালে পড়ে নিজেরাই উৎখ্যাত হয়ে যাবেন।
এ সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, সরকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতৃবৃন্দ, শহীদ পরিবার ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।