মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ৫ আগস্ট (বুধবার) মুন্সীগঞ্জ কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব ইরাদত হোসেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমীর, মুন্সীগঞ্জ জেলা এনপিপির আহ্বায়ক, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ এবং তাঁদের আদর্শ ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মাননীয় সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্যদেরকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভাটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহিদদের অবদান এবং দেশপ্রেমের মূল্যবোধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এক মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।