মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের খন্দকার বাড়িতে একটি গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৭ আগস্ট গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খামারি মোত্তাদির জানান, শুক্রবার সকালে গোয়ালঘরে গিয়ে তিনি দরজার তালা ভাঙা দেখতে পান। ভেতরে থাকা চারটি গরুর কোনোটি সেখানে ছিল না। পরে আশপাশে খোঁজাখুঁজি করে গোয়ালঘরের পাশের জমিতে গরুর পায়ের চিহ্ন পাওয়া যায়। এরপর বিষয়টি কুলাউড়া থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
চুরি হওয়া গরুর মধ্যে একটি কালো নেড়া গাভী, একটি কালো নেড়া বাছুর, একটি লাল রঙের ষাঁড় (ডেকা) এবং একটি কালো গাভী রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বাড়ছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।