গাজীপুর প্রতিনিধি: “জলবায়ু স্থিতিশীল রেখে প্রাকৃতিক পরিবেশসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের নেওয়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”—রবিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণকালে এ কথা বলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সরকারের এই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর গাজীপুর সিটি কর্পোরেশনে ৫৮ হাজার ৩৭০টি ফলজ ও বনজ গাছের চারা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে নির্ধারিত লক্ষ্যের প্রায় ৮০ শতাংশ বৃক্ষরোপণ ও বিতরণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। রবিবারের এই অনুষ্ঠানে ১ থেকে ৮ নম্বর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন এলাকার সুধীজনদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ১৮ হাজার ৫০০ গাছের চারা নিজ হাতে তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬ সালের সমন্বিত কর্মপরিকল্পনার আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে নগর ভবন, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পার্ক, ওয়ার্ড অফিস, ল্যান্ডফিল, রাস্তার মিডিয়ান ও আইল্যান্ড, জোনাল অফিস, মেকানিক্যাল বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা শাখা এবং খেলার মাঠসহ নগরের সমস্ত উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে গাছ লাগানো হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ২২ হাজার ৭০০টি চারা বরাদ্দ দেওয়া হয়েছে।
ক্রমবর্ধমান শিল্পায়ন, দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির চাপে পরিবেশের ওপর সৃষ্ট বিরূপ প্রভাব কমিয়ে আনা, সবুজায়ন বৃদ্ধি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, “সিটি কর্পোরেশনের উদ্যোগে শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হবে না; এসব চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি চারা গ্রহণ করে রোপণ করেছেন, তাদের প্রতি গাছগুলোর নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া এবং প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”
বৃক্ষ বিতরণ-সংশ্লিষ্ট কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেন জানান, কর্মসূচির বড় একটি অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট চারাগুলোও পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে বিতরণ করা হচ্ছে। পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে গাজীপুরের নগর পরিবেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, সচিব ফিরোজ আল মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, ২ নম্বর জোনের প্রতিনিধি আমানুল্লাহ এবং ৩ নম্বর জোনের প্রতিনিধি শাহরিয়ার আহমেদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।