দীর্ঘ ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছেন চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা তাকে দেখতে গুলশানের বাসায় যাচ্ছেন। শনিবার (৮ আগস্ট) রাতে ইলিয়াস কাঞ্চনকে দেখতে তার বাসায় যান বরেণ্য অভিনয়শিল্পী সুচন্দা ও তার ছোট বোন চম্পা।
রাত ৮টার দিকে সুচন্দা ও চম্পা ইলিয়াস কাঞ্চনের গুলশানের বাসায় পৌঁছান। সে সময় ঘুমিয়ে ছিলেন কাঞ্চন। রাত ৯টার দিকে ছেলে জয় তাকে শোবার ঘর থেকে বসার ঘরে নিয়ে আসেন। সুচন্দা ও চম্পাকে সামনে দেখে হাসিমুখে তাদের স্বাগত জানান তিনি। পরে দুই বোন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গুলশানের বাসায় সুচন্দা-চম্পা
আড্ডার একপর্যায়ে চম্পা বলেন, ‘আমরা আপনাকে ভালোবাসি।’ জবাবে কাঞ্চন বলেন, ‘আমিও ভালোবাসি সবাইকে। খুব ভালো লাগছে।’ পরে চম্পা জানতে চান, তিনি কতটা ভালোবাসেন। জবাবে দুই হাত প্রসারিত করে নিজের ভালোবাসার কথা জানান কাঞ্চন। এ সময় উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন।
আড্ডায় চলচ্চিত্রজীবনের নানা স্মৃতি নিয়ে কথা হয়। সুচন্দা প্রযোজিত ‘তিনকন্যা’ সিনেমার প্রসঙ্গও উঠে আসে। পরে সুচন্দা ও চম্পার অনুরোধে গান শোনান ইলিয়াস কাঞ্চন। ‘অচেনা’ সিনেমার জনপ্রিয় গান ‘আর যাব না আমেরিকা’সহ কয়েকটি গান গেয়ে শোনান তিনি। এ সময় তার সঙ্গে কণ্ঠ মেলান সুচন্দা ও চম্পা।
চম্পা সঙ্গে করে জমজমের পানি ও কয়েকটি পাঞ্জাবি নিয়ে যান। নিজের হাতে কাঞ্চনকে জমজমের পানি পান করান তিনি। পাঞ্জাবিগুলো লন্ডনে নিয়ে যাওয়ার জন্যও অনুরোধ করেন।
রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে তাদের এই আড্ডা। বিদায়ের সময় সুচন্দা বলেন, তারা ভালো সময় কাটিয়েছেন এবং ইলিয়াস কাঞ্চনও আড্ডা উপভোগ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ ইলিয়াস কাঞ্চনকে দ্রুত সুস্থ করে তুলবেন।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। দীর্ঘদিন কেমোথেরাপি নেওয়ার পর স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছেন তিনি। লন্ডনে ফিরে তার চিকিৎসা আবারও শুরু হওয়ার কথা রয়েছে।