শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা থেকেই টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, মোড় ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকাসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক টহল দিতে দেখা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া ঘুরে দেখা যায়, থানা পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে টহল দিচ্ছেন। জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সার্বিক নিরাপত্তাব্যবস্থা তদারকি করছেন।
বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস-আদালত এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাধিসৌধের সামনে পুলিশের এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও বুলেটপ্রুফ যানবাহন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অস্ত্রসজ্জিত বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও অন্যান্য বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। সন্দেহজনক চলাচল ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ও বিজিবির সদস্যরা মাঠে রয়েছেন। স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারির মাধ্যমে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সমাধিসৌধ এলাকা, আশপাশের সড়ক, উপজেলা সদরের প্রবেশপথ ও সরকারি স্থাপনাগুলোতে বাড়তি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী ঘিরেও টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল। এবারও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।