মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ১৯ আগস্ট ২০২৬ (বুধবার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এমপি মুন্সীগঞ্জ জেলা সফরকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, টিটিসির অধ্যক্ষ জনাব নাহিদা পারভীন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম ও বিদ্যমান সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। মেশিন শপ প্র্যাকটিসসহ বিভিন্ন ট্রেডে প্রয়োজনীয় ইকুইপমেন্ট থাকলেও ইন্সট্রাক্টরের সংকট রয়েছে—এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি ভাষা শিক্ষা কোর্সসহ সময়োপযোগী নতুন নতুন প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দক্ষতা উন্নয়ন ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সফরের শেষ পর্যায়ে তিনি বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (PDO) কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। দক্ষ জনশক্তি গড়ে তোলা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।