আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপি'র নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিকদল জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ। নাহিদ সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত কাজী জাফর আহমেদ এর ভাতিজা। এছাড়া দলটির কো: চেয়ারম্যান নির্বাচিত নিযুক্ত হয়েছেন আহসান হাবীব লিংকন ও নওয়াব আলি আব্বাস খান। শনিবার (২২শে আগস্ট) সকালে ঢাকার খিলগাঁওস্থ দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পাটির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মাওলানা রুহুল আমিন, কামরুল হুদা, আলহাজ্ব সেলিম মাস্টার, ব্যারিস্টার জুবায়ের হায়দার, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, সিনিয়র যুগ্ন মহাসচিব এ এস এম শামীম, কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজামুদ্দিন সরকার, এটিএম মাইনুল হক, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্য সচিব মেহেদী হাসান।
কাজী মো. নাহিদ সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের আদর্শ ও রাজনৈতিক ধারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রামের সামাজিক ও রাজনৈতিক উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। অত্যন্ত সদালাপি ও মিষ্টি ভাষী কাজী নাহিদ ইতোমধ্যেই চৌদ্দগ্রামের সর্বস্তরের জনগণের মাঝে নিজের অবস্থান তৈরি করেছেন।